যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আইএলও-এর কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের সাথে আজ ঢাকায় মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর কান্ট্রি ডিরেক্টর Max Tunon সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার যুবদের কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে যুবদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যা দক্ষতা বৃদ্ধিসহ যুবদের স্বাবলম্বী করছে। অধিদপ্তরের কেয়ার গিভিং, মোবাইল সার্ভিসিং এবং ফ্রিল্যান্সিং কোর্স প্রশিক্ষণে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অধিদপ্তরটির মাধ্যমে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি আইএলও’র কান্ট্রি ডিরেক্টরকে অবহিত করেন।
এসময় আইএলও-এর কান্ট্রি ডিরেক্টর বলেন, কক্সবাজারে আইএলও এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ISEC ( Improving Skills and Economic Opportunities for the Women and Youth in Cox’s Bazar) প্রকল্প চলমান রয়েছে। প্রকল্পটি কক্সবাজারে যুবকদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখছে। এখন পর্যন্ত ৪৬টি কোর্সের মাধ্যমে সাত হাজারেরও বেশি যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তিনি আইএলও এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে ক্যাপাসিটি বিল্ডিং, ট্রেনিং প্রোগ্রাম এবং উদ্যোক্তা সৃষ্টিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সূত্রঃ পিআইডি